ওয়াশিংটন ডিসিতে তিন দিনব্যাপী আলোচনা সত্ত্বেও দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত উভয় পক্ষকে চুক্তিতে উপনীত হওয়ার সময় বেঁধে দিয়েছিলেন। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর কর্মকর্তারা কোনো সমঝোতা না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্ক কানাডা থেকে দেশটিতে রপ্তানি হওয়া মোট পণ্যের প্রায় ৫ শতাংশের ওপর প্রভাব ফেলবে। যেসব পণ্যের ওপর এই শুল্ক কার্যকর করা হয়েছে তার মধ্যে রয়েছে ইলেকট্রনিক পণ্য, শিল্পযন্ত্র এবং দুগ্ধজাত পণ্য।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তার দেশও পাল্টা হিসেবে সমপরিমাণ শুল্ক আরোপ করবে। কার্নি এক বিবৃতিতে উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের সেরা বাণিজ্য চুক্তি অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। তবে কানাডাবাসীর স্বার্থ রক্ষার জন্য সেই অগ্রগতি যথেষ্ট ছিল না।

চুক্তি না হওয়ার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কানাডাকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের একটি সুযোগ হাতছাড়া করেছে। গ্রিয়ারের ভাষ্যমতে, সপ্তাহের শুরুতে যেসব শর্তে দুই পক্ষ সম্মত হয়েছিল, সেগুলোর ভিত্তিতে চুক্তি চূড়ান্ত করতে কানাডা রাজি হয়নি।