টানা কয়েক দিনের বৃষ্টির পর দেশের তাপমাত্রা এলাকাভেদে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। বৃষ্টি কমে যাওয়ার পাশাপাশি বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম। একদিকে অসহনীয় এই গরম, অন্যদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্বস্তিকর এই আবহাওয়া আরও কয়েকদিন বজায় থাকতে পারে।
আগের দিনের মতোই শনিবারও দেশের অধিকাংশ এলাকা ছিল বৃষ্টিহীন। ফলে কোথাও কোথাও তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় থার্মোমিটারে যা তাপমাত্রা উঠছে, বাস্তবে গরম অনুভূত হচ্ছে তার চেয়েও ২-৩ ডিগ্রি বেশি। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও নীলফামারীর সৈয়দপুরে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দুই দিনের তুলনায় বেশি।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বৃষ্টি কমে যাওয়ায় সারাদেশের তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমের তীব্রতা বেড়েছে। তবে রবি বা সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি শক্তিশালী রূপ নিলে আগামী ২৪ ও ২৫ আগস্ট উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হওয়ার সম্ভাবনা থাকায় ভ্যাপসা গরমের দাপট এখনই পুরোপুরি কমছে না। শনিবার চট্টগ্রাম ও খুলনার কিছু এলাকায় সামান্য বৃষ্টি হলেও তা ছিল খুবই নগণ্য।
এর আগে গত শুক্রবার দেশের অধিকাংশ এলাকা শুষ্ক থাকলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার এবং নীলফামারীর ডিমলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায়, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টি হয়েছিল মাত্র ৬ মিলিমিটার।
আগামী দুই দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগের মতো ভারী বর্ষণ হবে না। বৃষ্টির এই বিরতির সময়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হকও জানিয়েছেন, আগামী দুই-তিনদিন উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও তা ভারী হবে না। ফলে দেশজুড়ে ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়তে পারে।
এদিকে, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৬ বা ২৭ আগস্টের দিকে বঙ্গোপসাগরে আরেকটি নতুন লঘুচাপ তৈরি হতে পারে। আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাসেও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের কাছাকাছি লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এই লঘুচাপের গতিপথ বা বাংলাদেশের ওপর এর সম্ভাব্য প্রভাব কেমন হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঢাকায় আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার এবং মাঝেমধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে বৃষ্টির মাঝে এমন সাময়িক বিরতি স্বাভাবিক ঘটনা। তবে নতুন কোনো লঘুচাপ সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত বদলে গিয়ে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।