সদ্যবিদায়ী তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ও প্রথম রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।
গত শুক্রবার মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারে চারজন নতুন মন্ত্রী যুক্ত করেন, যাদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া নতুন করে দুইজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, যাদের একজন পূর্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া স্বপনকে যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হচ্ছে, তা শুক্রবারই নিশ্চিত করেছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর পরদিন শনিবার বিকালে তাঁকে রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দিয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে স্বপনের স্থলাভিষিক্ত হয়ে শুক্রবারই শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।