নওগাঁর পোরশা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদ্রাসার পুকুরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দুপুরে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান। সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছানোর পর তিনি হঠাৎ পানির নিচে তলিয়ে যান।

বিষয়টি লক্ষ্য করে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবার বা অন্য কারো কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।