কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ঘটা ওই অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশিসহ মোট নয়জনের প্রাণহানি ঘটে।
পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ওই হোটেল মালিক কলকাতা থেকে পালিয়ে যান। তিনি ঝাড়খণ্ডের ধানবাদে আত্মগোপনে ছিলেন। শনিবার (২২ আগস্ট) তিনি কলকাতার বেহালা এলাকায় ডায়মন্ড হারবার রোডের নিজের বাড়িতে ফেরার পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার অভিযান চালিয়ে নিউ মার্কেট এলাকার ১১টি হোটেল বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এরপর শনিবার আরও ছয়টি হোটেল বন্ধ করা হয়েছে।