স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ প্রধানের আকস্মিক থানা পরিদর্শনের পরপরই তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক কার্যালয় আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশ অনুযায়ী, তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক কারণে নেওয়া এই প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।
এর আগে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান। ওই সময় তিনি থানার ওসিকে তার কর্মস্থলে পাননি। অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার পল্টন মডেল থানা পরিদর্শনে যান। সেখানে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পাওয়া যায় এবং থানার কিছু কার্যক্রমে অসংগতি তাদের নজরে আসে।