বৃটেনের উত্তর ইয়র্কশায়ারে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোরে একটি গাড়ি ভুল পথে এসে পুলিশের একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, ভোর ৩টা ৩৯ মিনিটে উত্তর ইয়র্কশায়ারের মিডলসব্রোর নিকটবর্তী সাউথ ব্যাংক এলাকার এ৬৬ মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি ভুল দিক থেকে এসে কর্তব্যরত ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়িকে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা এবং অপর গাড়ির পাঁচ আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে অংশ নিতে নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে সাধারণ অ্যাম্বুলেন্স দল ছাড়াও একজন বিশেষজ্ঞ প্যারামেডিক, গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের একজন চিকিৎসক এবং একটি বিশেষ ঝুঁকি মোকাবিলা দল অন্তর্ভুক্ত ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন।
পুলিশের তদারকি সংস্থার তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঠিক আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলেন এবং সেটিকে অনুসরণ করছিলেন। তবে ভক্সওয়াগন পাসাট গাড়িটি কেন এ৬৬ মহাসড়কের ভুল দিক দিয়ে চলছিল, তা এখনো স্পষ্ট নয়।
বর্তমানে নিহত পাঁচ সাধারণ নাগরিকের পরিচয় নিশ্চিত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে যাদের পরিচয় শনাক্ত করা গেছে, তাদের পরিবারকে বিষয়টি অবহিত করে বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে। ক্লিভল্যান্ড পুলিশের নিজস্ব তদন্তের পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ ও পূর্বাপর পরিস্থিতি খতিয়ে দেখতে স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা (আইওপিসি) একটি নিরপেক্ষ তদন্ত শুরু করেছে।