প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ রুবি চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পাওয়া তরুণ অভিনেত্রী লাবণ্য চৌধুরী নতুন কাজের ঘোষণা দিয়েছেন। তিনি এবার ‘মিশন ডিডিএলজে’ শিরোনামের একটি ওয়েব সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। নব্বই দশকের প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই সিনেমাটি পরিচালনা করছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।

নতুন এই সিনেমা প্রসঙ্গে লাবণ্য চৌধুরী জানান, নব্বইয়ের দশকের লাভস্টোরি তার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের, যে কারণে তিনি এই প্রজেক্টে যুক্ত হয়েছেন। সিনেমাটিতে তিনি ‘দিয়া’ নামের এক চঞ্চল মেয়ের চরিত্রে অভিনয় করবেন। চরিত্রটি নিয়ে লাবণ্য বলেন, দিয়া এমন এক তরুণী যে স্বপ্ন দেখে তার জীবনেও নব্বইয়ের দশকের মতো কোনো প্রেমের গল্প আসবে।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা লাবণ্য বর্তমানে নাটক এবং ওটিটি ফিল্মের কাজে বেশি মনোযোগী। ‘মিশন ডিডিএলজে’ ওয়েব সিনেমাটিতে প্রথমবারের মতো সাদ সালমি নাওভী এবং লাবণ্য চৌধুরীকে জুটি হিসেবে দেখা যাবে। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন এবং শাহানা আফরোজ স্বপ্না। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।