বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন, তাদের দলকে প্রায়ই ‘ক্যান্টনমেন্টের দল’ হিসেবে অভিহিত করা হয়, অথচ প্রকৃত অর্থে আওয়ামী লীগই গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।
বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে ড. মঈন খান বলেন, তারা দেশে আইনের শাসন ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট সাংবিধানিক পদ্ধতি রয়েছে। তাই তিনি ব্যক্তিগত ইচ্ছামতো নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করতে পারেন না। তিনি আরও বলেন, আজ যদি আমি কোনো তারিখ বলে দিই, তবে সেই কথার কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে না। সরকার সাংবিধানিক প্রক্রিয়া মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেবে।
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৩: ১৯আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৩: ৩০