দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া পাঁচজনকে নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এছাড়া বছরজুড়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৯২৯ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, আক্রান্তদের মধ্যে একটি বড় অংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে, যার সংখ্যা ১৫৯ জন। এর পরেই রয়েছে ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে), যেখানে ১৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১১৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ১০০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহ বিভাগে ৭৯ জন, রাজশাহী বিভাগে ৭১ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।