মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই নয় দিনের সফরের শেষ দিকে তার সানফ্রান্সিসকো যাওয়ারও পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি চলছে। এরই মধ্যে তার সফরসঙ্গীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি নোট ভার্বাল পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে বক্তব্যের পাশাপাশি সাইডলাইনে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও তার অংশগ্রহণের কথা রয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্র সফরের সময় সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায়ও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ভারত সফরের বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।