পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর আবর্জনার একটি বিশাল স্তূপ ধসে পড়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ধসে পড়া আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে আরও ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সময় রবিবার ভোররাতে কোনাক্রির গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্যভাগাড়ে এই দুর্ঘটনা ঘটে। এর আগে রাতভর সেখানে ভারী বৃষ্টিপাত হয়েছিল। বৃষ্টির প্রভাবে আবর্জনার বিশাল স্তূপটি ধসে পড়ে এবং এর আশপাশে থাকা ঘরবাড়ি ও বসতির ওপর আছড়ে পড়ে। এতে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন, যার ফলে নিহতের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে। উদ্ধারকারীরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

দার-এস-সালাম কোনাক্রির অন্যতম বড় উন্মুক্ত বর্জ্য ফেলার স্থান হিসেবে পরিচিত। দীর্ঘ দিন ধরেই এই বর্জ্যভাগাড়ের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছিল। ভারী বৃষ্টির কারণে এলাকাটিতে আবর্জনার স্তূপ ধসে পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গিয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে ওই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অনেক পরিবার সেই নির্দেশ উপেক্ষা করে এলাকাটি ছেড়ে যায়নি। দুর্ঘটনার পর অবশিষ্ট বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।