প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন যে, বিদ্যমান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও স্থানীয় সরকার নির্বাচনগুলোকে আগের চেয়ে আরও ভালো ও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কমিশন বদ্ধপরিকর। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) আয়োজিত ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় নির্বাচন কমিশনারগণ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিবসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সিইসি বলেন, কমিশনের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। অতীতে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার চেয়ে নিচে নামার কোনো অবকাশ নেই, বরং সম্ভব হলে পরিস্থিতি আরও উন্নত করা হবে। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচনের দিনক্ষণ এখনই ঘোষণা করা সম্ভব নয়। তবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা কমিশনের হাতেই থাকবে এবং সরকারের সঙ্গে পরামর্শ ও আলোচনার ভিত্তিতেই তা চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য বর্তমানে কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধন করা হচ্ছে, যার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। প্রয়োজনীয় সংশোধনীগুলো সম্পন্ন করে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সিইসি উল্লেখ করেন, কেবল নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ প্রস্তুতিই যথেষ্ট নয়; এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রস্তুতি প্রয়োজন। মাঠপর্যায়ে নির্বাচন পরিচালনা ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সহায়তা প্রয়োজন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন প্রকৃতির এবং অতীতে এসব নির্বাচনে সহিংসতা তুলনামূলক বেশি হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবার আরও গুরুত্বপূর্ণ হবে এবং তাদের ভূমিকা বেশি থাকবে। আশা করি সবাইকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে দুর্গাপূজা, বর্ষা, বন্যার সম্ভাবনা, শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে নিয়োগের মতো বিষয়গুলো বিবেচনায় রাখা হবে। তবে নির্বাচন অযথা বিলম্বিত হবে না বলেও তিনি নিশ্চয়তা দেন। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যেই এই উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে এবং কমিশন সে অনুযায়ী কাজ করছে।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৭: ৩০আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৭: ৩২