দিনাজপুরের বিরামপুর শহরের কলাবাগান এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মানিক (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মানিক বিরামপুর উপজেলার পলিখাঁপুর গ্রামের ওমর ফারুকের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে বিরামপুর কলাবাগান এলাকায় মহাসড়কের পাশে ড্রেন খননের মাটি সরানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। রাত সাড়ে এগারটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক মানিক ও কান্দুকে (৪৫) ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মানিকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়। আহত কান্দু বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কাভার্ডভ্যানসহ এর চালক আজমির হোসেনকে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক চালক আজমির লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলগি গ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন জানান, সোমবার এ ঘটনায় থানায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে এবং আটক চালককে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।