দেশের সব বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করা হয়।
গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আওতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন সব সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন এবং আশকোনা ও জেদ্দা হজ অফিসসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানেও এই বিশেষ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভাগুলোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্মের পাশাপাশি ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।