পঞ্চগড়ে হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।
পঞ্চগড়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে আটকে রেখে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) পঞ্চগড় শহরের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আবু রায়হান হৃদয় (২৪) ও পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার বাড়ি থেকে সুরাইয়া পারভীন স্বরনী (১৯) কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গত ২৭ জুলাই পঞ্চগড় সদর থানা এলাকার এক ব্যবসায়ী হানিট্র্যাপ চক্রের ফাঁদে পড়েন।
ওই দিন চক্রের ৪-৫ জন সদস্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের গেট থেকে তাকে জোরপূর্বক অপ-হরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে অশ্লীল ভিডিও ধারণ করা হয়।
পরে ভিডিওটি প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় এজাহার দায়ের করলে পঞ্চগড় সদর থানায় মামলা রুজু হয়।
মামলাটি তদন্তকালে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত হানিট্রাপ চক্রের আসামী
আবু রায়হান হৃদয় (২৪)ও সুরাইয়া পারভীন স্বরনী (১৯) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু রায়হান হৃদয় পঞ্চগড় সদর উপজেলার রাজনগর (খালপাড়া) এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর (বটতলা বাজার) এলাকার মো: আউয়ালের ছেলে।
অপর আসামি সুরাইয়া পারভীন স্বরনী পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার মো: সমিরত আলীর মেয়ে।
গ্রেফতারের পর তাদের পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতে তারা ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো: মোকলেছুর রহমান জানান, মামলাটির তদন্ত চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।