নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের মিছিল
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মোঃ আশরাফুল ইসলাম : প্রতিনিধি
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিমি হৃদয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রনি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, সাবেক সহসভাপতি মোকারম হোসেন আদি, যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক (শীষ) এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের নেতৃত্বে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় একটি মিছিল অনুষ্ঠিত হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ওই মিছিলে অংশ নেওয়া কাউকেই এখনো গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা দ্রুত শাহাদাত হোসেন শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে এসে ছাত্রদলের মোকাবিলা করার আহ্বান জানান তারা।
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।