দেশের গণতন্ত্র উত্তরণে বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনার লক্ষ্যে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বিরোধী দলের দায়িত্ব পালনে সম্পাদকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অংশ নেওয়া বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকরা বিরোধী দলকে সহিংস না হয়ে বরং গঠনমূলক বিরোধিতার পরামর্শ দিয়েছেন। ডা. শফিকুর রহমান এ সময় বলেন, সংসদকে কার্যকর ও সব কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চায় জামায়াত। তিনি বলেন, আমরা কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই, তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগিতা দেওয়া হচ্ছে, কিন্তু ‘হাও ফার, হাও লং’—এই প্রশ্ন সামনে রেখেই তারা এগোচ্ছেন। এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকে তিনি একটি প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিরোধীদলীয় নেতা সভায় দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদে ও বাইরে দলের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, জামায়াত ভালো কাজে সরকারকে সহযোগিতা করবে এবং জনস্বার্থবিরোধী কাজের প্রতিবাদ করবে—এই নীতিতেই তারা অটল। তবে এই বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক।

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে গোলাম পরওয়ার স্পষ্ট করেন যে, ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী এ বিষয়ে তিল পরিমাণ ছাড় দেবে না। তিনি বলেন, জনগণের রায়ের সঙ্গেই তারা আছেন। যদি পার্লামেন্টে বিষয়টি নিষ্পত্তি না হয়, তবে ৭০ ভাগ জনগণের অবস্থানের দিকেই তারা যাবেন।

মতবিনিময় সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলো নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, মানবকণ্ঠ পত্রিকার মোহাম্মদ শহিদুল ইসলাম, এদিন নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, দেশ রূপান্তর নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, করতোয়া মোজাম্মেল হক, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ সম্পাদক আহসান হাবীব এবং দ্যা নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।