সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানিগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঘটা এই সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী বাসটি জানিগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ওসি রতন শেখ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন এবং নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।