যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও পর্যটন ভিসায় প্রবেশ করে পরবর্তীতে আশ্রয় প্রার্থনা করেছেন এমন প্রায় ২ লাখ ব্যক্তির ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ নথির বরাতে সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এই তথ্য জানিয়েছে। এপি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তার সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত হয়েছে।
পররাষ্ট্র ও স্বরাষ্ট্র—উভয় মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নথিপত্র ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে যারা বি-ওয়ান (B-1) এবং বি-টু (B-2) ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্য থেকেই ২ লাখ আবেদনকারীর ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। যদি এই পদক্ষেপটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হয়, তবে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একক কোনো ঘটনায় সবচেয়ে বড় ভিসা বাতিলের নজির।