১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার করা সেই আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের ফুটবলটি নিলামে ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে বলটি ৩৩ লাখ ডলারে নিলামে ওঠে। যদিও নিলামকারীদের প্রত্যাশা ছিল, বলটির দাম প্রায় ১ কোটি ডলার বা ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত হতে পারে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত ব্যবহার করে গোলটি করেছিলেন ম্যারাডোনা। রেফারি গোলটির সিদ্ধান্ত দিলে আর্জেন্টিনা এগিয়ে যায়। ম্যাচ শেষে ম্যারাডোনা মন্তব্য করেছিলেন, গোলটি ছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে এবং কিছুটা ঈশ্বরের হাত দিয়ে’। এরপর থেকেই ফুটবল ইতিহাসে গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়।

একই ম্যাচে ম্যারাডোনা আরেকটি গোল করেছিলেন, যা ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করার কারণে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে স্বীকৃত। ওই ম্যাচটি ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা এবং পরবর্তীতে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল।

নিলামের আগে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে রয়টার্সকে জানান, এটি ফুটবলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অদ্বিতীয় স্মারক। ম্যাচটি পরিচালনা করেছিলেন তিউনিসিয়ার রেফারি আলী বিন নাসের। অ্যাডিডাসের তৈরি ‘আজটেকা’ বলটি তিনি সংগ্রহ করে তিন দশকেরও বেশি সময় নিজের কাছে রেখেছিলেন। ২০২৩ সালে তার দেওয়া এক চিঠিতে নিশ্চিত করা হয়, পুরো ম্যাচে শুধুমাত্র এই বলটিই ব্যবহৃত হয়েছিল।

২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। নতুন মালিক ২০২৩ সালে বলটি নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না ওঠায় তখন সেটি বিক্রি হয়নি। প্রসঙ্গত, একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটিও ২০২২ সালে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।