চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, এই নির্বাচনগুলো আয়োজনের লক্ষ্যে জাতীয় বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সামনে নির্বাচনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছে। নির্বাচনের তফসিল এবং তারিখ নির্ধারণের সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনার পরই মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে।

বৈঠকে পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহায়তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা করবে। বিশেষ করে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করতে দেশটি সহায়তা দেবে। ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দিচ্ছে, যার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে আসবে। বাকি ৩ হাজার কোটি টাকা সরকার আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে, ফলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।

প্রকল্পটি বাস্তবায়ন হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এছাড়া ডেনমার্ক সরকার রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ১০০ কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।