বেইজিংয়ে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝাংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে পূর্বে হওয়া সমঝোতার ওপর ভিত্তি করেই সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। একই সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপক্ষীয় বিভিন্ন ক্ষেত্রে ভারত-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়েও তারা মতবিনিব্যয় করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নিতে দোভাল বর্তমানে দুই দিনের চীন সফরে রয়েছেন। মঙ্গলবারই ওয়াং ইর সঙ্গেও তার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাব্য সফরের ঠিক আগেই দোভালের বেইজিং সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, ২০২০ সালে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার পর থেকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরে। তবে পরবর্তী সময়ে সম্পর্ক স্বাভাবিক করতে উভয় পক্ষই বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যদিও সীমান্ত বিরোধ এবং অরুণাচল প্রদেশ নিয়ে দুই দেশের মধ্যকার মতপার্থক্য এখনও কাটেনি।
ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধপূর্ণ রয়েছে। এই বিরোধের স্থায়ী সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা ব্যবস্থা চালু করা হয়, যেখানে অজিত দোভাল ও ওয়াং ই নিজ নিজ দেশের মনোনীত বিশেষ প্রতিনিধি। যদিও এই ব্যবস্থা এখনো স্থায়ী সমাধান দিতে পারেনি, তবে বারবার তৈরি হওয়া উত্তেজনা প্রশমণে এটি একটি কার্যকর ও কাঠামোবদ্ধ কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এর আগে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানান, দোভাল ও ওয়াং ই সীমান্ত ইস্যুর পাশাপাশি দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গভীর আলোচনা করবেন। বিশেষ প্রতিনিধি পর্যায়ের এই আলোচনাকে দুই দেশের যোগাযোগের ‘প্রধান মাধ্যম’ ও ‘গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম’ হিসেবে উল্লেখ করেন তিনি। গত বছরের আগস্টে অনুষ্ঠিত ২৪তম দফার আলোচনার কথা স্মরণ করিয়ে দিয়ে লিন জিয়ান বলেন, সে সময় দুই পক্ষ সীমান্ত ইস্যুতে খোলামেলা আলোচনা করে বেশ কিছু বিষয়ে অভিন্ন বোঝাপড়ায় পৌঁছেছিল। এবারের বৈঠকেও সেই ধারাবাহিকতা বজায় রেখে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।