নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির দায়ে সাকলাইন মোস্তাক নামে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় অবস্থিত জেলা পরিষদ পার্কের গেটের সামনে স্থানীয় লোকজন ওই কিশোরকে আটকে রেখে ট্রাফিক পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি জব্দ করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
অভিযুক্ত সাকলাইন মোস্তাক বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে পরিবারের সাথে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরেই সাকলাইন তার সুজুকি জিক্সার ১৫০ সিসি মডেলের মোটরসাইকেলটি নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় তীব্র ও বিকট শব্দ তৈরি করে ঘুরে বেড়াচ্ছিল। এতে সাধারণ পথচারীদের মধ্যে চরম ভয় ও আতঙ্ক তৈরি হচ্ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে মুক্তির মোড় এলাকায় স্থানীয়রা তাকে হাতেনাতে আটকে ফেলে ট্রাফিক পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বাহনের শব্দ বাড়ানো একটি সম্পূর্ণ বেআইনি কাজ। এছাড়া ওই কিশোরের কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না। লাইসেন্স না থাকা এবং সাইলেন্সর বদলে বিকট শব্দ করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪: ৫৪আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১৫: ০৫