নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের যুক্তরাজ্যের নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার বিষয়ে স্পষ্ট জবাব চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, বিষয়টি অত্যন্ত সাধারণ একটি প্রশ্ন—প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কি না। এর উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’—এই দুই শব্দেই দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, যদি নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সত্য হয়, তবে সংশ্লিষ্ট কাগজপত্র উপস্থাপন করা যেতে পারে।
প্রতিমন্ত্রীর সাম্প্রতিক আচরণের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, সাংবাদিকদের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্রতিমন্ত্রীর ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য করাটা পেশাদারিত্বের বহিঃপ্রকাশ নয়। তিনি মনে করেন, এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করার ক্ষেত্রে ভয় বা আত্মনিয়ন্ত্রণের পরিবেশ তৈরি হতে পারে। হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করে বলেন, তারা প্রতিমন্ত্রীর জেল বা ফাঁসি চাইছেন না, কেবল তার নাগরিকত্বের সত্যতা নিশ্চিত করতে চান।
গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রী ও মন্ত্রিপরিষদের জবাবদিহিতা বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, বিদেশি নাগরিকত্বের বিষয়ে আইন ও বিধিবিধান সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। নতুন সরকারের কাছ থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাপ প্রয়োগ বা রাজনৈতিক তকমার সংস্কৃতি প্রত্যাশা করেন না বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি। তিনি নিজেকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে জানান, তার বাংলাদেশি পরিচয় নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।