গোপালগঞ্জ সদরের গোবরা মাদরাসার দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবার ও মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।

নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলেন সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় তাদের উভয়ের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল।

গোবরা মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরের দিকে ওই দুই শিক্ষার্থী কাউকে কিছু না জানিয়েই মাদরাসা থেকে বের হয়ে যান। এরপর তারা আর ফিরে না আসায় বিষয়টি শিক্ষার্থীদের পরিবারকে জানানো হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে তাদের পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।