লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে পুশইন ও চোরাচালান প্রতিরোধ করার লক্ষ্যে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযানটি চালানো হয়। অভিযানে বিজিবি সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে বুড়িমারী রেলওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে সন্দেহজনক বিভিন্ন ব্যক্তি ও দ্রব্যসামগ্রী তল্লাশি করেছেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তল্লাশিতে অবৈধ সীমান্ত পারাপার, পুশ-ইন, চোরাচালান কিংবা কোনো ধরনের অবৈধ দ্রব্যসামগ্রী পাওয়া যায়নি বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পারাপার, পুশ-ইন, মানব পাচার এবং চোরাচালান রোধে তারা নিয়মিতভাবে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সীমান্তে নিরাপত্তা এবং জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি নিশ্চিত করেছে।