আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নভেম্বর মাসকে টার্গেট করে কমিশন তাদের কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, আগামী নভেম্বর মাসকে ভিত্তি ধরে তারা কাজ শুরু করেছেন এবং ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে এনেছেন।
নির্বাচনের উপযুক্ত সময়ের বিষয়ে রহমানেল মাছউদ বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস হলো নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তিনি উল্লেখ করেন যে, পূজা, ঈদ এবং রমজানের মতো ধর্মীয় উৎসবের সময়গুলো বাদ দিয়ে এই মৌসুমটি নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করার বিষয়ে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন।