দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ 'এ' দল। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ ইনিংস ও ৪১৩ রানে পরাজিত হয়েছে। ম্যাচে নাইম শেখ, মাহমুদুল হাসান জয় এবং আফিফ হোসেনরা উভয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন।

এমন হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্কোয়াডে বড় ধরনের রদবদল এনেছে। দলে ছয়টি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী অলিন।

আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও প্রোটিয়া 'এ' দল।

দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দল: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।