মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার উত্তর বেতকা এলাকার সিএনজি স্ট্যান্ডে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, এসআই রিজাউল কাজীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি সুজুকি জিক্সার-এসএফ ১৫০সিসি মডেলের (ঢাকা মেট্রো ল-২৬-৮৭৪৭)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. কিরণ শেখ (৩১) ও মো. মামুন (৩৪)। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তারা একটি আন্তঃজেলা চোর চক্রের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।