পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে। মহানগরের প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় এনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে।
নিরাপত্তা জোরদারে সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করবেন। পাশাপাশি অতিরিক্ত র্যাব ও সিআইডি টিম মোতায়েন থাকবে। জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র্যালিকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থায় স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত অফিসার ও ফোর্স নিয়োজিত থাকবে এবং র্যালির সামনে ও পেছনে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। ডিএমপির সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে থেকে এই নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।