ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাষ্ট্র পরিচালনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নীতি অনুসরণ করাই যৌক্তিক। পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চরমোনাই পীর বলেন, রাসুলুল্লাহ (সা.) মানবসভ্যতার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি সুনির্দিষ্ট দিকনির্দেশনা রেখে গেছেন। তাঁর আনীত দ্বীন রাষ্ট্র পরিচালনায় সফলতা এনে দিয়েছিল এবং শান্তি ও সমৃদ্ধিতে পৃথিবী উদ্ভাসিত হয়েছিল। তিনি আরও বলেন, আজও পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনবিধান অনুসরণ করা অপরিহার্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-কে অনুসরণ করেন, তাই রাষ্ট্র পরিচালনায়ও তাঁর নীতি অনুসরণ করা যুক্তিসংগত।
মহানবী (সা.)-এর নীতিকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ব্যক্তিগত জীবনে সুন্নাহ আঁকড়ে ধরা, বেশি বেশি দরুদ পাঠ করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শরিয়াহ অনুসরণ করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন যে, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি উভয় জীবনই কল্যাণময় হবে।