লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের দক্ষিণ হানুবাইশ গ্রামের হাজী বাড়িতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সম্পত্তি লিখে না দেওয়ার জেরে ১১৫ বছর বয়সী বৃদ্ধ আতর মিয়া ও ৯০ বছর বয়সী শামসুন্নাহার দম্পতিকে তাদের তিন ছেলে ঘর থেকে বের করে দিয়েছেন। গত তিন দিন ধরে এই বৃদ্ধ দম্পতি একটু আশ্রয়ের আশায় এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়াচ্ছেন এবং ছেলেদের ঘরের সামনের বৈঠকখানায় রাত যাপন করছেন। এই তিন দিনে তারা ঠিকমতো খাবারও পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, এই দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে এবং তিন ছেলেই নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত। অভিযুক্ত তিন ছেলে হলেন ইব্রাহিম (৫০), রহিম (৪৫) ও তছলিম (৪১)। গত এক বছর ধরে ছেলেরা তাদের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবা-মাকে চাপ দিয়ে আসছিলেন। সম্পত্তি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়।
এর আগে উপায়ান্তর না দেখে তারা বড় মেয়ে লাকি বেগমের বাড়িতে আট মাস আশ্রয় নিয়েছিলেন। গত ২৩ আগস্ট রোববার তারা বাড়িতে ফিরে এলে ছেলেরা তাদের আর ঘরে ঢুকতে দিচ্ছে না বলে আতর মিয়া ও শামসুন্নাহার অভিযোগ করেন।
এ বিষয়ে বড় ছেলে মোহাম্মদ ইব্রাহিম মিয়া দাবি করেন, তারা মা-বাবার কাছ থেকে কখনো কোনো সাহায্য পাননি। তিনি অভিযোগ করেন, তার মা-বাবা সবসময় মেয়েদের সাহায্য করেছেন। সম্পত্তি লিখে না দিলে মা-বাবাকে ঘরে জায়গা দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
ঘটনাটি সম্পর্কে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।