সরকার ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ১৮৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে, যা প্রয়োজনে সরকার সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারে। শিক্ষানবিশকালে যদি কাউকে চাকরির জন্য অনুপযুক্ত মনে হয়, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করার ক্ষমতা সরকারের রয়েছে।
এর আগে, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ওই ফলাফলে সহকারী সার্জন পদে দুই হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে ২২ জানুয়ারি ৪৮তম বিশেষ বিসিএসের প্রথম প্রজ্ঞাপনে তিন হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়।