নেপাল ও তিব্বত সীমান্ত–সংলগ্ন হিমালয় অঞ্চলে প্রবল বন্যায় ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবারের এই বন্যায় রাস্তাঘাট, সেতু ও বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৫৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপালের পর্যটন বোর্ড জানিয়েছে, বুধবার রসুয়া জেলায় আকস্মিক বন্যার পর ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হন। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক। পর্যটন বোর্ডের দেওয়া তথ্যমতে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় পর্যটক রয়েছেন। এ ছাড়া যুক্তরাজ্যের পর্যটক রয়েছেন ১২ জন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ৪ জন দক্ষিণ আফ্রিকান এবং ৩ জন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক রয়েছেন। তবে নিখোঁজ আরও ১১১ জনের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই কৈলাস মানস সরোবর যাত্রায় অংশ নেওয়া তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

ভোতেকোশি নদী উত্তর নেপালের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চীন সীমান্তের দিকে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৯টার দিকে নদীটির দুই কূল উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে বেশ কয়েকটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিজন ভক্ত কায়স্থের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, একটি বরফধসের কারণে লেন্দে নদীর গতিপথ আটকে যায়। আর এর জের ধরেই ভোতেকোশি নদীতে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়। ভোতেকোশি হলো লেন্দে নদীরই একটি উপনদী।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নেপাল সীমান্তেই মূলত ভূমিধসের ঘটনাটি ঘটেছে। এটি জিরং বন্দরে আঘাত হানে। এতে নেপাল সীমান্তবর্তী শিগাতসে অঞ্চলে সড়ক, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিব্বতের কর্মকর্তারা জানিয়েছেন, জিরং কাউন্টিতে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন এবং সেখানে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন তাঁরা। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, একটি জলবিদ্যুৎ প্রকল্পের আটজন দক্ষিণ কোরীয় কর্মী নিখোঁজ হয়েছেন। এ ছাড়া আরও ১০ জন দক্ষিণ কোরীয় কর্মী সেখানে আটকা পড়েছেন।

নেপাল সরকারের মুখপাত্র সস্মিত পোখরেল বলেন, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য আমরা ভারত ও চীন উভয় দেশকেই অনুরোধ জানিয়েছি। রসুয়া জেলার প্রশাসক নরেন্দ্র পরিয়ার ভোতেকোশি নদীর তীরের বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। রসুয়া জেলার স্বাস্থ্যকর্মী তুলা বাহাদুর বি কে জানান, নদীর পাশের জনবসতিগুলো পুরোপুরি ভেসে গেছে এবং তার নিজের পরিবারেরই পাঁচজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কান্তিপুর পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বন্যাকবলিত রসুয়ায় ত্রাণ নিয়ে তিনটি হেলিকপ্টার রওনা হয়েছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেগুলো কাঠমান্ডুতে ফিরে আসতে বাধ্য হয়। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বস্নেত জানিয়েছেন, পানি না কমা পর্যন্ত বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধারকারী হেলিকপ্টার অবতরণ করতে পারবে না। এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে বন্যা–পরবর্তী অন্য কোনো দুর্যোগ এড়াতে নজরদারি ব্যবস্থা ও আগাম সতর্কসংকেত আরও জোরদার করার তাগিদ দিয়েছেন তিনি।

তাঁরা তিব্বতের উদ্দেশে যাচ্ছিলেন।কাঠমান্ডুভিত্তিক ‘টাচ কৈলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর ব্যবস্থাপনা পরিচালক বসু কুমার অধিকারী জানান, ৯৩ জন নেপালিসহ মোট ৩৯০ জন তীর্থযাত্রীর ওই সীমান্ত পার হওয়ার কথা ছিল।