পটুয়াখালীর দশমিনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গোপালদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দশমিনা-পটুয়াখালী সড়কের পাশে জলিল মোল্লার রাইস মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোহরব সরদারের ছেলে মূসা সরদার (১৯), বুর্জুক আলী মোল্লার ছেলে জলিল মোল্লা (৪৩), আবুল বাশার মুন্সির ছেলে মো. তামিম মুন্সি (২৬) এবং মো. আলী হোসেনের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৩)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গোপালদী গ্রামের জলিল মোল্লার রাইস মিলের সামনে অবস্থান নেয়। সেখানে মাদক কেনাবেচার সময় পুলিশ তাদের চারজনকে আটক করে।
পরবর্তীতে তাদের তল্লাশি চালিয়ে মূসা সরদারের কাছ থেকে ৪ পিস, জলিল মোল্লার কাছ থেকে ৩ পিস, মো. তামিম মুন্সির কাছ থেকে ৩ পিস এবং মো. সহিদুল ইসলামের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।