বিএনপির অগ্রগতির মূল শক্তি হলো সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। দলটি কখনোই একা চলার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভা মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব স্তরের কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য দলীয় নেতা-কর্মীদের সততা, ভালো আচরণ ও জনসেবামূলক কর্মকাণ্ডের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোকে দলীয় নেতা-কর্মীদের মানবিক ও নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষের খোঁজ-খবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের মনে বিএনপির প্রতি আস্থা আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি একটি উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি নিজের সন্তানের পাশাপাশি প্রতিবেশীর সন্তানদের পড়াশোনার দিকেও নজর রাখার পরামর্শ দেন। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
দেশে চলতি আমন মৌসুমে ধান চাষের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রী সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, একটি অশুভ চক্র কৃত্রিম সারের সংকট তৈরি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সজাগ রয়েছে জানিয়ে তিনি প্রশাসনকে নির্দেশ দেন, সার নিয়ে কোনো ডিলার বা অন্য কেউ যদি কারসাজি বা ষড়যন্ত্র করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে স্থানীয় জনগণ ও নেতা-কর্মীদেরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।