পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (২৬ আগস্ট) দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রমও স্থগিত থাকবে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আজ হিজরি ১৪৪৮ সনের ১২ রবিউল আউয়াল। মুসলিম বিশ্বে এ দিনটি হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটির কারণে বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি করা পণ্যবাহী ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে, যার একটি বড় অংশ দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। আমদানি কার্যক্রম থেকে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।