নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয় আসাদ কম্পিউটারের দোকানের সামনে র‌্যাব-৫ (সিপিসি-২, নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আলিপুর মহিষালবাড়ী গ্রামের মো. আকতারের ছেলে মো. সাকিবুর রহমান ওরফে সাকিব (৩৮) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর জোরপুকুরিয়া গ্রামের বদিউজ্জামান আকন্দের ছেলে মো. মিন্টু আকন্দ (৪৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি সাকিব স্বীকার করেন যে তার পায়ুপথে বিশেষ প্রক্রিয়ায় মাদক লুকানো রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তিনি নিজ হাতে মলদ্বার থেকে পলিথিনে মোড়ানো ১০৫ গ্রাম হেরোইন বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানান, রনি নামের এক মাদক কারবারির কাছ থেকে এই হেরোইন সংগ্রহ করেছিলেন তিনি। সেগুলো পায়ুপথে বহন করে নাটোরে মিন্টু আকন্দের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।