নেপালে আকস্মিক বন্যা ও ভূমিকম্পের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নিরাপদে আছেন। তিনি এখন তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো শুটিং দলের সঙ্গে নেপালে অবস্থান করছেন।
গত বুধবার (২৬ আগস্ট) সকালে নেপালের ভোটে কোশি নদীতে হড়পা বান বা আকস্মিক বন্যার কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় এই ঘটনায় ৩৯৩ জন বিদেশি পর্যটকসহ প্রায় ৬০০ জন মানুষ নিখোঁজ হয়েছেন।
নেপালে এই দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর অপু বিশ্বাস ও তার দলের নিরাপত্তা নিয়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন এবং সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। অপু বিশ্বাস জানিয়েছেন, ভূমিকম্প ও বন্যার খবর পাওয়ার পর অনেকেই তাকে ফোন ও বার্তার মাধ্যমে খোঁজ নিয়েছেন। তিনি জানান, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো দল বর্তমানে নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ আছেন।
এদিকে, একই সময়ে নেপালে অবস্থান করছেন বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ডের সদস্যরাও। তারাও নিজেদের নিরাপত্তা ও সুস্থতার কথা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন।