জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদের ভবিষ্যৎ নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় তার সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই তিনি সংসদ সদস্যদের আচরণের বিষয়ে এই সতর্কবার্তা দেন।

স্পিকার বলেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের একে অপরের কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার যে প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, তা সংসদের জন্য কোনোভাবেই ইতিবাচক লক্ষণ নয়। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে বহাল রাখার দায়িত্ব প্রতিটি সংসদ সদস্যের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিজার’ বা কার্যপ্রণালী বিধি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, স্পিকার যখন কোনো সদস্যকে নিজ আসনে বসার নির্দেশ দেন, তখন সেই নিয়ম ও রীতি যদি ভঙ্গ করা হয় বা না মানা হয়, তবে সংসদ বেশি দিন চলবে না। তিনি সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।