যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তার স্ত্রী নাহিদ সুলতানা এবং তাজনীন ওহাব বৃষ্টি নামের আরেকজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই আদেশ দেন।
দুদকের পক্ষ থেকে আদালতে জানানো হয়, শেখ ফজলে শামস পরশের বিরুদ্ধে নিজের নামে এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
অনুসন্ধান চলাকালে গোপন সূত্রের বরাত দিয়ে দুদক আদালতকে জানায়, অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা যদি বিদেশে চলে যান, তবে চলমান অনুসন্ধান প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা জরুরি বলে মনে করে কমিশন, যার প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন।