বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের দিন থেকে এক বছরের জন্য তিনি বাসসের এমডি ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। একই সঙ্গে তাকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।