ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের শেষ সময়ে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টা পাঁচ মিনিটে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ওয়াকআউটের ঘোষণা দেন।

ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান জানান, অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আলোচনার সুযোগ থাকলেও সরকারি দল শুরুতেই বিশেষ কমিটি গঠন প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছে। তার মতে, এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল গণভোটের রায় মেনে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া।

তিনি সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন থেকে বিরত থাকতে সরকার ক্রমাগত সময়ক্ষেপণ করছে। এই পরিস্থিতির প্রতিবাদ হিসেবেই বিরোধী দল অধিবেশন থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।