জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনটিতে এখন থেকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হলে এই নতুন আসন বিন্যাস দেখা যায়।

এর আগে, গত মার্চ মাসে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন থেকে প্রধানমন্ত্রীর পাশের আসনটিতে বসতেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং একই সাথে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। তবে গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সংসদে তার আসনটি শূন্য হয়ে যায়।

এই পরিস্থিতিতে সংসদের আসনগুলো পুনরায় বণ্টন করা হয়। নতুন এই বিন্যাসে প্রধানমন্ত্রীর পাশের গুরুত্বপূর্ণ আসনটি বরাদ্দ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন আহমদ বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।