শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১, মোটরসাইকেল জব্দ
মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে শার্শা থানার এসআই শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সরদার বারিপোতা এলাকায় অভিযান চালায়। এ সময় দাউদ আলীর বাড়ির উত্তর পাশে আহলে হাদিস মসজিদের সামনে পাকা সড়ক থেকে মো. মহিউদ্দীন বেপারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মহিউদ্দীন বেপারী শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের মত স্বরূপ আলী বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি পুরোনো লাল রঙের Hero 125 মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, “অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা আমাদের দায়িত্ব। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”