বরুড়া বাজারের মোড়ে মোড়ে মোবাইল কোর্টের কড়া নজরদারি, অবৈধ বাইক জব্দ

​বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: মোঃ আবিদ হাসান

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লার বরুড়া পৌর বাজারের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ও সংযোগ সড়কে অবৈধ মোটরসাইকেলসহ অন্যান্য কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে দিনভর এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে।
​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বরুড়া বাজারের জিরো পয়েন্ট, চান্দিনা রোড হায়দার মোড়সহ বিভিন্ন স্পটে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা জেলা পুলিশ ।
​অভিযানকালে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট ছাড়া অবৈধ যানবাহন চালানো এবং সড়ক পরিবহন আইন অমান্য করার অপরাধে বেশ কিছু গাড়ি আটক করা হয়। একই সাথে একাধিক চালক ও গাড়িকে অর্থদণ্ড প্রদান করে আইনগত সতর্কবার্তা দেওয়া হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর শহরের যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এই অভিযান চালানো হচ্ছে। কোনো ধরনের লাইসেন্স বা বৈধ কাগজপত্র ছাড়া সড়কে অবৈধ যানবাহন চালানো বরদাশত করা হবে না।
​হঠাৎ করে বাজারের প্রতিটি মোড়ে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে বেপরোয়া গাড়ি চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে সড়কের শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সড়ক নিরাপদ রাখতে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।