পঞ্চগড়ে মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের মৃ/ত্যু

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

পঞ্চগড়ে মেয়ের বিয়ের আগের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রসেনা বেগম (৫০) নামে এক নারীর মৃ/ত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রসেনা ওই গ্রামের ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রসেনা বেগমের মেয়ে ইসিরনের (২২) বিয়ে হওয়ার কথা ছিল।

এ উপলক্ষে বুধবার দিনভর বাড়িতে চলছিল বিয়ের নানা আয়োজন। রাতে বরযাত্রী ও অতিথিদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ বিভিন্ন প্রস্তুতিও সম্পন্ন করা হয়।

বিয়ের আয়োজন নিয়ে পরিবারের অন্য সদস্যদের মতো ব্যস্ত ছিলেন রসেনাও। রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রসেনার মৃত্যুতে মুহূর্তেই বিয়ের বাড়ির আনন্দ বিষাদে পরিণত হয়। শোক নেমে আসে পুরো এলাকায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ের মৃত্যুর ঘটনায় মেয়ের বিয়ে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

নিহতের ভাগিনা সাইফুল বাংলানিউজকে বলেন, বিয়ের আয়োজন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিলেন। এর মধ্যেই বাড়ির কাজ করার সময় আমার ফুফু বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিয়ের আয়োজন পিছিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার অধিকারী বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রাথমিক সুরতহাল ও তদন্ত শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।