ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পেয়ে জসিম সরদার নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারের পাশে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত জসিম সরদার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম সরদার তার স্ত্রী চুমকী সুলতানার সঙ্গে সহস্রাইল বাজারের পাশে মাসুদ আলমের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। চুমকী সুলতানা তার বাবার হোটেলে সহযোগী হিসেবে কাজ করেন। নিহতের স্ত্রী জানান, শুক্রবার ভোরে হোটেলে কাজে যাওয়ার সময় জসিম তার কাছে ইয়াবা সেবনের জন্য ৩০০ টাকা দাবি করেন। টাকা না পেয়ে চুমকী কাজে চলে যান এবং ওই সময় বাড়িতে জসিম ও তাদের চার বছর বয়সী সন্তান ছিল।
পরবর্তীতে চুমকী সুলতানার ছেলে কান্না করতে করতে দোকানে গিয়ে জানায় যে, বাবা ঝুলে বাজি খেলছে। খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে চুমকী দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার স্বামী ঝুলে আছেন।
পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মাদকের জন্য স্ত্রীর কাছে টাকা চাইতেন। শুক্রবার টাকা না পাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয় এবং রাগ ও ক্ষোভ থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা ধারণা করছেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু লস্কর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জসিমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে যে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকা না পাওয়ার জের ধরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।