রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে অবস্থিত আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। মস্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান জানান, এই দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। নিখোঁজ রাজুর সন্ধানে কাজ চলছে, তবে কিছু মৃতদেহ মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ রাজু তাদের মধ্যে থাকতে পারেন।

মঙ্গলবার সভোবোদনি শহরের কাছে অবস্থিত এই কমপ্লেক্সে পাইরোলাইসিস ইউনিটের একটি সহায়ক অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়লেও কমপ্লেক্সের মূল যন্ত্রপাতি অক্ষত রয়েছে বলে জানিয়েছে এজিসিসি কর্তৃপক্ষ। রয়টার্সের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪ জনই বিদেশি নাগরিক।

আহত সাতজন বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এর মধ্যে ছয়জন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। এছাড়া নিহত জাকির হোসেনের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোম্পানিটির সাথে দূতাবাস থেকে যোগাযোগ করা হয়েছে। এলএলসি সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে মৃতদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়েও দূতাবাস নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

প্রায় ১০ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিমার উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছিল। আগামী বছরের শুরুতে চালুর আগে বর্তমানে সেখানে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছিল বলে জানা গেছে। এটি রাশিয়ার পেট্রোকেমিক্যাল জায়ান্ট সিবু এবং চীনের সিনোপেকের একটি যৌথ উদ্যোগ।

রয়টার্সের খবরে বলা হয়, বুধবার বিবৃতিতে প্রথমে চীনের ছয় নাগরিকসহ ৭ জনের মৃত্যুর খবর দেয় এজিসিসি। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে তথ্য দিয়েছে তারা। সেখানে বলা হয়, মৃতদের ১৪ জনই বিদেশি।

আহতদের অবস্থা বর্ণনা করে দূতাবাসের কর্মকর্তা মিজানুর বলেন, সাতজন গুরুতর আহত বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য আমুর থেকে মস্কোতে অবস্থিত স্পেশালাইজড হাস্পাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে যাদের মধ্যে ৬ জন আইসিইউতে রয়েছেন।